শিরোনাম

মোরেলগঞ্জে প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ

মোরেলগঞ্জে প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের একটি প্রকল্পের কাজে অনিয়ম এবং এক জেলের নামে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে ডাকযোগে পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জিলবুনিয়া গ্রামের মো. ছত্তার খান অভিযোগে বলেন, তিনি পেশাজীবী জেলে। তাঁর নামে বরাদ্দ করা চাল তাঁকে না দিয়ে সংশ্লিষ্টরা আত্মসাৎ করেছেন বলে তিনি দাবি করেন। অথচ মাস্টাররোলে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্য অভিযোগটি করেছেন একই গ্রামের আল-আমীন শেখ। তাঁর অভিযোগ, টিআর প্রকল্পের আওতায় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠ ভরাট ও পরিষদের আসবাবপত্র কেনার জন্য ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে প্রকল্পের কাজ দায়সারাভাবে করা হয়েছে এবং প্রকল্পের সাইনবোর্ডও টাঙানো হয়নি বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, প্রকল্পের কাজে মানসম্মত মালামাল ব্যবহার করা হয়নি এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ রয়েছে। যথাযথ তদারকি না থাকায় অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে দাবি করে আল-আমীন শেখ সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরেজমিন তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তিনি।

তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন পরিষদের সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সোহেল রানা কামাল। তিনি বলেন, “দুটি অভিযোগের একটিও সত্য নয়। ছত্তার খানের নামে এবার চাল বরাদ্দ ছিল না, তাই তিনি চাল পাননি।”

প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।

রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কেএম জুলফিকার আলী হায়দার বলেন, আল-আমীন শেখ প্রকল্প বাস্তবায়ন কমিটির একজন সদস্য ছিলেন। তিনি যতটুকু শুনেছেন, কমিটির একজন সদস্যের স্বাক্ষর জাল করার অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগের কথা তিনি শুনেছেন বলেও জানান।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, ডাকযোগে এ-সংক্রান্ত কোনো অভিযোগ এসেছে কি না, তা দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর