ঢাকার কেরানীগঞ্জে ক্লুলেস কিশোরী হত্যা মামলার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামি মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ।
তিনি জানান, ঘটনার পর দৃশ্যমান কোনো ক্লু না থাকলেও আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ এবং নিবিড় তদন্তের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হওয়া আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, নিহত তানজিলার স্মার্টফোন এবং লুট হওয়া অলংকার উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার পরপরই পিবিআই তদন্ত শুরু করে। কোনো সুনির্দিষ্ট ক্লু না থাকলেও প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই হত্যাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং ঘটনার অন্যান্য দিক নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।