সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) তাঁদের দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করে নিরাপত্তা বাহিনী। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি আদালতে পাঠানো হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং রাজকীয় আদেশের ভিত্তিতে দণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ এবং মামলার পূর্ণাঙ্গ বিচারিক নথি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।