শিরোনাম

হত্যা মামলার ২০ মাস পর কালীগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারকে অব্যাহতি

হত্যা মামলার ২০ মাস পর কালীগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারকে অব্যাহতি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় প্রায় ২০ মাস পর তাঁদের অব্যাহতি দিয়েছেন আদালত। গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন।

উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত উইলিয়াম সমর পালমার পরিবারের চার সদস্যসহ মোট ছয়জনকে এ মামলায় আসামি করা হয়েছিল।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রয়াত উইলিয়াম সমর পালমার জ্যেষ্ঠ ছেলে সুমন পালমা ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকার পরিমলের ছেলে বার্নাড রোজারিও ২০২৫ সালের ২৮ মার্চ হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সুমন পালমার বাবা সমর পালমা, তাঁর স্ত্রী নিরমলা পালমা, ছেলে নিকসন পালমা, নিকসনের স্ত্রী ঝুমুর পালমা, নাগরী ইউনিয়নের ভাষানিয়া এলাকার প্রয়াত আন্দেজের ছেলে শ্যামল রোজারিও এবং সেবেস্টিন রোজারিওর ছেলে হেবেলকে আসামি করা হয়। গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নম্বর ১৫৬/২০২৫ হিসেবে মামলাটি দায়ের করা হয়। পরে কালীগঞ্জ থানায় ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়। কালীগঞ্জ থানার মামলা নম্বর ২৭, তারিখ ২৮ মার্চ ২০২৫।

অনুসন্ধানে জানা যায়, সুমন পালমা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হাসপাতালের মৃত্যু সনদ অনুযায়ী, ভোর ৬টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মামলাটি দায়েরের পর ২০২৫ সালের ৩ জুন দড়িপাড়া এলাকার পবিত্র পরিবারের গির্জার কবরস্থান থেকে সুমন পালমার মরদেহ উত্তোলনের আদেশ দেন আদালত। তবে স্থানীয় বাসিন্দাদের আপত্তির মুখে সেদিন মরদেহ উত্তোলন করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মরদেহ উত্তোলনের সময় মামলার বাদী উপস্থিত না থাকায় মৃতের স্ত্রী-সন্তান, বাবা-মা, ভাই-বোনসহ স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান। এ সময় তাঁরা মামলার বাদীকে উপস্থিত করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক ও লিখিত আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সহিদ উল্লাহ।

ঘটনাস্থলে সে সময় উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রেজাউল হক, দড়িপাড়া ধর্মপল্লির প্রধান পুরোহিত ফাদার স্টেনিছ লাউজ গমেজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৃতের পরিবারের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সমর পালমার স্ত্রী ও সুমন পালমার মা নিরমলা পালমা বলেন, ‘মিথ্যা হত্যা মামলা দিয়ে বার্নাড আমাদের পরিবারকে হয়রানি করে শেষ করে দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি সরকারের কাছে বার্নাডের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সমর পালমার ছেলে নিকসন পালমা বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সমর পালমার জীবদ্দশায় এই মামলার রায় একটি দৃষ্টান্ত। মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ তিনি বার্নাডের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, পুলিশের তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে আদালত মামলাটি মিথ্যা বলে প্রতীয়মান হওয়ায় নথিজাতের আদেশ দিয়েছেন। মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী বার্নাড রোজারিওর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা নিতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর