নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসাইল রেলগেট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খুঁটির কাছে গিয়ে নিচে এক যুবকের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।
স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তার কাটতে গিয়ে আগুন ধরে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।