শিরোনাম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে কথিত আরসা সদস্য নিহত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে কথিত আরসা সদস্য নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে কথিত আরসা সদস্য মোহাম্মদ জুবায়ের (৩৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক-এইচ/২৯, মেইন ব্লক-সি এলাকার বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী জুবায়েরকে তার বসতঘর থেকে বের করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

১৪ এপিবিএন জানায়, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ওয়েস্টে ইব্রাহিম নামে এক ব্যক্তির বসতঘরের সামনে জুবায়েরের ওপর আনুমানিক পাঁচ রাউন্ড গুলি চালিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কথিত আরসা ও আরএসওর অভ্যন্তরীণ বিরোধ এবং গ্রুপিংয়ের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে নিহতের উপস্থিতিও তদন্তের অংশ হিসেবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।

১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার সজল বলেন, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি কথিত আরসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর