নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, রোববার সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইতিহাস প্রথম পত্রের এইচএসসি পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা ওই প্রশ্নেই সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেন।
পরে বিষয়টি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব বাদশা আলমগীরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ শহিদুল ইসলামকে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।