শিরোনাম

প্রাথমিকের সমন্বয় সভার নামে সাড়ে ৪ লাখ টাকায় বিদায় সংবর্ধনা!

প্রাথমিকের সমন্বয় সভার নামে সাড়ে ৪ লাখ টাকায় বিদায় সংবর্ধনা!

রংপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টারভিত্তিক মাসিক সমন্বয় সভার নামে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা আয়োজনের অভিযোগ উঠেছে। আগামী ২৫ আগস্ট অবসরে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) রংপুর পর্যটন মোটেলে এ আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, সদর উপজেলা ও রংপুর সিটি করপোরেশন এলাকার ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়প্রতি ২ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। এতে মোট ৪ লাখ ৪৪ হাজার টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে। এর মধ্যে শুধু হল ভাড়া বাবদ প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগকারীদের প্রশ্ন, মাসিক ক্লাস্টার সমন্বয় সভা আয়োজনের জন্য নগরীর ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি অর্থে হলরুম নির্মাণ করা হয়েছে। সেখানে সভা না করে কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে পর্যটন মোটেলে অনুষ্ঠান আয়োজন করা হলো—এ নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানে সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ৯টি ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কয়েকজন সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম আয়োজনের বিষয়টি স্বীকার করে বলেন, “ডিপিও স্যার ২৫ আগস্ট অবসরে যাবেন। এ কারণে ক্লাস্টারভিত্তিক প্রধান শিক্ষকরা এ আয়োজন করেছেন। বড় আয়োজন ও লোকসমাগম বেশি হওয়ায় পর্যটন মোটেলে অনুষ্ঠান করা হয়েছে।”

তবে সরকারি সভার নামে ব্যক্তিগত বিদায়ী সংবর্ধনার আয়োজন এবং বিদ্যালয়প্রতি নির্দিষ্ট অঙ্কের টাকা সংগ্রহের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়টি স্বেচ্ছায় ছিল নাকি কোনো ধরনের চাপ বা নির্দেশনা ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সরকারি অর্থে নির্মিত সভাকক্ষ থাকা সত্ত্বেও বাইরে অনুষ্ঠান আয়োজনের যৌক্তিকতা এবং সংগৃহীত অর্থের হিসাব নিয়েও স্বচ্ছতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর