পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। সোমবার দুপুরে নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিদর্শনে গিয়ে ফুটপাত নির্মাণে নিম্নমানের পার্কিং টাইলসসহ অন্যান্য সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানান প্রশাসক। এ সময় তিনি নিম্নমানের টাইলস বসানো অংশ তুলে ফেলারও নির্দেশ দেন। নির্মাণসামগ্রী ও টাইলস পরীক্ষা করে কাজের নির্ধারিত প্রাক্কলন (সিডিউল) অনুযায়ী মান নিশ্চিত হওয়ার পর পুনরায় কাজ শুরু হবে বলে জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। পঞ্চগড় বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই বলেন, ব্যবহৃত টাইলসগুলো মানুষের হাঁটাচলার উপযোগী নয়। এ ছাড়া অন্যান্য উপকরণও যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। টাইলসের নিচে শুধু বালি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, কাজটি যেন নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়ক প্রশস্ত করার পাশাপাশি দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ চলছে। প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩০৬ ফুট দৈর্ঘ্যের ড্রেন নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
বর্তমানে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসিয়ে ফুটপাত নির্মাণের কাজ চলছে। বিদ্যুতের খুঁটি অপসারণ, সড়কের দুই পাশে পানির লাইন স্থাপন এবং ড্রেনের পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসানোসহ সংশ্লিষ্ট কাজে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ লাখ টাকা। সড়কের এক পাশে পাঁচ ফুট এবং অন্য পাশে তিন ফুট প্রশস্ত, মোট ৩৯৬ মিটার ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে।
জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, স্থানীয়রা কাজের মান নিয়ে অভিযোগ করে আসছিলেন। সরেজমিনে গিয়ে তিনি সিডিউল অনুযায়ী কাজ না হওয়ার বিষয়টি দেখতে পেয়েছেন। তাঁর ভাষ্য, টাইলসের মান নিম্নমানের এবং পুরুত্বও নির্ধারিত মাত্রার চেয়ে কম। এ কারণে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। সিডিউল অনুযায়ী কাজ নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঠিকাদার প্রমিল সাহা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে প্রশ্ন তুলে বলেন, টাইলস তিনি নিজে তৈরি করেন না, কিনে এনেছেন। কীভাবে এগুলোকে নিম্নমানের বলা হচ্ছে, তা তাঁর জানা নেই। এ বিষয়ে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে কথা বলার পর বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।