শিরোনাম

নীলফামারীর কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

নীলফামারীর কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে স্থানীয়ভাবে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বেলা ৩টা থেকে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। খুলনা স্টেডিয়াম থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় উদ্বোধনের পর কিশোরগঞ্জে স্থানীয়ভাবে ক্রীড়া আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলমসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন যুবদলের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়েদ ইবনে রুবেল, মহিলা দলের সভাপতি নাজমা বেগম ও সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে খেলোয়াড় ও আয়োজকদের উৎসাহ দেন।

আয়োজনের প্রথম দিনে উদ্বোধনী ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ। এতে নিতাই ইউনিয়ন ও গাড়াগ্রাম ইউনিয়ন দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গাড়াগ্রাম ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে জয় পায় নিতাই ইউনিয়ন দল। খেলা দেখতে মিনি স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর