দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের এ সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখার জন্য ‘নিউবর্ন ওয়ার্মার’, শ্বাসপ্রশ্বাসে সহায়তার সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে কোল্ড চেইন সরঞ্জাম রয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝেপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেশের দুর্গম এলাকাসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এ সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে ভূমিকা রাখছে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা।
এর আগে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের প্রথম দিনে রোববার বিকেল ৫টার দিকে তেঁতুলিয়া ডাকবাংলো পরিদর্শন করেন রাষ্ট্রদূত। সেখান থেকে সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তিনি।
সফরের দ্বিতীয় দিনে সোমবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় সীমান্ত এলাকার সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ দেখে মুগ্ধ হন তিনি ও তাঁর সহধর্মিণী। পরে তারা কিছু সময় জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।