শিরোনাম

গ্যাসের চুলা থেকে আগুন, দগ্ধ ৫ জনের ৪ জনই মারা গেলেন

গ্যাসের চুলা থেকে আগুন, দগ্ধ ৫ জনের ৪ জনই মারা গেলেন

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেছেন। সর্বশেষ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সামসুন নাহার (৫০)। এ ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি আবদুর রহমান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ১৯ নভেম্বর সকালে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহতরা হলেন সাবা (৩০), তাঁর দেড় বছর বয়সী ছেলে মাহাব, সানজিদা (২০) ও সানজিদার মা সামসুন নাহার (৫০)। সাবা ২০ নভেম্বর, তাঁর ছেলে মাহাব পরদিন, সানজিদা মঙ্গলবার সকালে এবং সামসুন নাহার বুধবার ভোর পাঁচটার দিকে মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবার শরীরের শতভাগ, মাহাবের ৫৭ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দগ্ধ আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ পুড়ে যায়। তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

প্রতিবেশী সুমনের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে বাসার লোকজন রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালালেও গ্যাস না থাকায় রান্না করতে পারেননি। পরে চুলা বন্ধ করতে ভুলে যান তাঁরা। রাতের কোনো এক সময় গ্যাস সরবরাহ শুরু হলে চুলা থেকে গ্যাস পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। সকালে চুলা জ্বালানোর সময় আগুন ধরে মুহূর্তেই তা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে।

আবদুর রহমান একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একই ফ্ল্যাটে সাবলেট থাকতেন সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর