রাশিয়াকে ন্যাটোর ভূখণ্ডে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) বার্লিনে ন্যাটো পার্লামেন্টারি অ্যাসেম্বলির ৭২তম বার্ষিক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ন্যাটোর নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়ে জোটের কঠোর অবস্থান তুলে ধরেন।
এক পোলিশ আইনপ্রণেতার প্রশ্নের জবাবে ওয়াডেফুল বলেন, ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় জোট সব সময় প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। তবে নিজেদের দেশ ও জোটের সদস্যদের রক্ষায় তারা প্রস্তুত।
পুতিনকে আলোচনায় ফেরার আহ্বান
ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে ওয়াডেফুল বলেন, বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের কাছে একসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে বার্লিন দেয়াল ভেঙে ফেলার আহ্বান জানিয়েছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি পুতিনকে বলেন, এই যুদ্ধ বন্ধ করুন, আলোচনার টেবিলে আসুন এবং ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করুন।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের প্রতি বার্লিনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইউক্রেন বীরত্বের সঙ্গে নিজেদের রক্ষা করছে। অন্যদিকে রাশিয়া আগের চেয়ে আরও নিষ্ঠুর হয়ে উঠলেও যুদ্ধক্ষেত্রে তাদের সাফল্য কমছে।
আলোচনায় ইউরোপের অংশগ্রহণ জরুরি
ওয়াডেফুল বলেন, গত সপ্তাহে অনুষ্ঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ সম্মেলনে ইউরোপীয় নেতারা শান্তি প্রতিষ্ঠার নীতিমালা তুলে ধরেছেন। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন।
তিনি বলেন, আলোচনার সময় এখনই। রাশিয়াকে যুদ্ধ বন্ধ করে অর্থবহ আলোচনায় বসার সদিচ্ছা দেখাতে হবে। এমন শান্তি প্রয়োজন, যা ইউক্রেনের জন্য দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা এবং ইউরোপের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলোকে আলোচনার টেবিলে প্রতিনিধিত্ব করতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
ওয়াডেফুলের ভাষায়, ইউরোপ এখন যুদ্ধে নেই, তবে পুরোপুরি শান্তিতেও নেই। রাশিয়া প্রায় প্রতিদিনই হাইব্রিড হামলা, হত্যার ষড়যন্ত্র এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করে ইউরোপকে লক্ষ্যবস্তু করছে।
তিনি বলেন, ইউক্রেনের বিষয়ে কোনো সিদ্ধান্ত ইউক্রেনকে ছাড়া নেওয়া যাবে না। একইভাবে ইউরো-আটলান্টিক নিরাপত্তার বিষয়ে ইউরোপকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।