শিরোনাম

নাচোলে সাবেক ডিআইজির বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন

নাচোলে সাবেক ডিআইজির বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন

 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম, তাঁর স্ত্রী ও শ্যালকসহ কয়েকজনের বিরুদ্ধে জমি দখল, বাথানঘর ছাড়তে অস্বীকৃতি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিক আব্দুর রহিম।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর মৌজায় তাঁদের ছয় ভাইয়ের মালিকানাধীন প্রায় ১১ বিঘা জমি রয়েছে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ১০ বছরের জন্য আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা জামানের কাছে ওই জমি লিজ দেওয়া হয়। লিজ নেওয়ার পর সেখানে তিনি আমবাগান গড়ে তোলেন। বাগান দেখাশোনার জন্য রাস্তার পাশে দুই কক্ষবিশিষ্ট একটি বাথানঘর নির্মাণ করেন। লিজের মেয়াদ শেষ হলে ঘরটি ভেঙে নিয়ে যাওয়ার শর্ত ছিল বলে দাবি করেন জমির মালিক।

তিনি আরও বলেন, লিজের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হলেও আবু হেনা মোস্তফা জামান বাথানঘরটি সরিয়ে নেননি। বরং সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রীর প্ররোচনায় ঘরটি দখলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও ঘরটি সরানো হয়নি।

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম অভিযোগ করেন, তাঁর ভাই মো. জামিরুল রহমানের কাছ থেকে তিনটি দাগে মোট ১৩ কাঠা জমি কৌশলে ও প্রলোভন দেখিয়ে কিনে নেন আবু হেনা মোস্তফা জামান। তবে কেনা জমির বাইরেও রাস্তা-সংলগ্ন একটি দাগের ১৩ কাঠা জমি তিনি জোরপূর্বক ভোগদখল করছেন বলে দাবি করেন আব্দুর রহিম।

তিনি জানান, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে জমি ছেড়ে দেওয়ার কথা বললে অভিযুক্ত ব্যক্তিরা সাবেক ডিআইজির প্রভাব দেখিয়ে তাঁদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ছাড়া গত ২৩ অক্টোবর নাচোল থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সাবেক ডিআইজি নজরুল ইসলাম প্রভাব খাটিয়ে ওই মামলা করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আব্দুর রহিমের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে তাঁদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এ পরিস্থিতিতে তাঁরা জমির মালিকানা ও দখল ফিরে পাওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর