শিরোনাম

বিএনপির এমপি-মন্ত্রীদের পদত্যাগের গুজবে সরগরম ফেসবুক

বিএনপির এমপি-মন্ত্রীদের পদত্যাগের গুজবে সরগরম ফেসবুক

গতকাল (১৭ নভেম্বর) শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। এরপর থেকেই লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং গোপালগঞ্জের দুজন এবং নোয়াখালীর তিন সংসদ সদস্য পদত্যাগ করেছেন- এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এছাড়া, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন দাবিতে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডও প্রচার হতে দেখা যায়।

তবে অনুসন্ধানে এই মন্ত্রী এবং সংসদ সদস্যদের পদত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা- ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং গোপালগঞ্জের দুইজন এবং নোয়াখালীর তিনজন সংসদ সদস্য পদত্যাগ করলে গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এই দাবিগুলোর সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

এছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজে ‘অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী-৩ আসনের এমপি বরকতুল্লা বুলু’ তথ্যে বা শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি যমুনা টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

তবে, যুগান্তরের ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া গেছে। “থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বরাতে বলা হয়েছে, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন।

অর্থাৎ, বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

মন্ত্রী এবং সংসদ সদস্যদের পদত্যাগের দাবিগুলো নিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এগুলো সম্পূর্ণ গুজব।’

অতএব, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ছাড়া অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যের পদত্যাগের দাবিটি সম্পূর্ণ গুজব বা মিথ্যা।

 

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর