শিরোনাম

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন ১১০৩ বাংলাদেশি কর্মী

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন ১১০৩ বাংলাদেশি কর্মী

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমে এ পর্যন্ত ১ হাজার ১০৩ জনের চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এর মধ্যে প্রথম ধাপে পাওয়া ৫৬৮ জনের নিয়োগ প্রক্রিয়া চলছে। নতুন করে আরও ৫৩৫ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র এসেছে।

বিষয়টি নিশ্চিত করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি জানান, প্রথম ধাপের প্রার্থীদের মধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৭০ জনের কলিং ভিসাও হয়েছে। চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে।

সরকারের উদ্যোগে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পায় বোয়েসেল। এরপর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি এ প্রতিষ্ঠান।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হচ্ছে। পরবর্তী ধাপে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। একই সঙ্গে তাদের দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাই শেষে চূড়ান্তভাবে কর্মী নিয়োগ দেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর