শিরোনাম
রংপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুলাই চেতনা ধারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জুলাই চেতনা ধারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জুলাই চেতনাকে ধারণ করেই সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে সব সংকট মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের প্রথম জুলাই শহিদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মরণসভায় অংশ নেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ন্যায়বিচার, সংস্কার ও সমতাভিত্তিক সমাজ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

স্মরণসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “জুলাইয়ের শহিদরা জাতির অহংকার। তাদের আত্মত্যাগ কখনো বিফলে যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্বের শক্তি। জুলাইয়ের শহিদদের আদর্শ ধারণ করে আধুনিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, দোয়া, স্মৃতিচারণ এবং শহিদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

জেলা প্রশাসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, দেশের প্রথম জুলাই শহিদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ উপজেলার বামনপুরে তার কবর জিয়ারত করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে শহিদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর