শুধু আইন প্রয়োগ কিংবা সামাজিকভাবে মাদকসেবীদের বয়কট করে তরুণ প্রজন্মকে মাদক থেকে ফেরানো সম্ভব নয়। বরং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা এলাকায় মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বেকারত্ব, পারিবারিক ও সামাজিক হতাশাসহ নানা কারণে তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কাজ করা প্রয়োজন। সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে না। এ সমস্যা মোকাবিলায় প্রশাসনিক ও আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি।
তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

“মাদকের বিরুদ্ধে আমরা”—এই স্লোগান সামনে রেখে সামাজিক সংগঠন জনকল্যাণ সমাজসেবা সংগঠনের উদ্যোগে এ সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামের ডাঙ্গা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব লতিফুর রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আল রাজি টুটুল, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, আব্দুল্লাহ আল মামুন রণিক ও আব্দুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের কর্মকর্তারা।
বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের মাদকমুক্ত রাখা জরুরি। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বানও জানান তাঁরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে তাঁদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সমাবেশে স্থানীয় বাসিন্দা, তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও বই বিতরণ করা হয়।