শিরোনাম

পঞ্চগড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের নামে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের নামে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপি নেতা এবিএম আখতারুজ্জামান শাহজাহান। 

পঞ্চগড় প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জেরে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচারসহ মানববন্ধন করা হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান।
আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান জানান, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানা পুলিশ। ওই মামলায় জাহাঙ্গীর আলম ও আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করেছে পুলিশ। তবে দীর্ঘদিন ধরে চলা জমি নিয়ে বিরোধের জেরে মামলার আসামিরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন। মূলত মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি তার।

এসময় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দলটির কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। অথচ এখন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ না হলে পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সাবেক এই জনপ্রতিনিধি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর