বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় হয়েছে এবং এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।
শনিবার এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. মাহদী আমিন এসব তথ্য জানান।
তিনি বলেন, গত পাঁচ মাসে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক মূল্যায়ন করেছেন সার্জিও গোর। একই সঙ্গে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি। এ সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
ড. মাহদী আমিন জানান, দেশের প্রথম সারির ব্যবসায়ীদের একটি অংশের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাগুলো, বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট নিরসনে বিস্তারিত আলোচনা হয়।
তিনি বলেন, দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার কারণে রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামো সংস্কারের প্রয়োজন হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং বেসরকারি খাতকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা (পলিসি সাপোর্ট) দেওয়া হবে।
প্রেস সচিব আরও জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন (২৪/৭) সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে এ সেবা শিগগিরই চালু করা হবে বলে জানান তিনি।