প্রচলিত আইনে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অতীতে শিক্ষকরা যেভাবে নির্বাচনে অংশ নিয়েছেন, এবারও একইভাবে অংশ নিতে পারবেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার নির্বাচন নিয়ে আশাবাদী। আগের নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যথাসময়ে সরকারের পরিকল্পনার বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে আসাদুজ্জামান বলেন, কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন।
বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো অনিয়মের খবর তাঁর জানা নেই। সার ডিলার নিয়োগ ও বরাদ্দের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।
এর আগে সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবলসংকট নিরসন এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর বিষয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।