পড়ালেখা করে শুধু নিজেকে প্রতিষ্ঠিত করলেই হবে না, পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। সুখী, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, বিশ্বে বাংলাদেশকে একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের মেধা, প্রজ্ঞা, মননশীলতা ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল করাই জীবনের সাফল্য নয়; সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে শিক্ষার্থীরাই দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে।
বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, যুবদলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।