ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভাউচারের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের অদূরে একটি চায়ের দোকানে একদল যুবকের হামলার শিকার হন সহকারী প্রধান শিক্ষক। পৃথক দুই ঘটনায় বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক আহত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের কক্ষ এবং পরে পৌর শহরের কাপড় মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবির বকুল এবং সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমান সহকারী প্রধান শিক্ষক শাহজালাল সাজু।
বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভাউচারের পাওনা টাকা নিয়ে শাহজাহান কবির বকুল ও শাহজালাল সাজুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। পরে সহকারী শিক্ষক বাদশাসহ অন্য শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করেন।
এরপর শাহজালাল সাজুসহ পাঁচ-ছয়জন শিক্ষক বিদ্যালয়ের অদূরে কাপড় মার্কেট এলাকার তরিকুলের চায়ের দোকানে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সেখানে চা পানের সময় ১২ থেকে ১৫ জনের একদল যুবক অতর্কিত সাজুর ওপর হামলা চালায়। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি কলার ধরে বাইরে টেনে নেওয়ার চেষ্টা করা হয়। ধস্তাধস্তিতে দোকানের বেশ কয়েকটি গ্লাস ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন সহকারী প্রধান শিক্ষক শাহজালাল সাজু অভিযোগ করেন, পাওনা ভাউচারের টাকা চাওয়ায় বিরোধের সৃষ্টি হয়। পরে সহকর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে থাকার সময় ১০-১২ জন যুবক এসে বকুলের সঙ্গে কথা বলার কারণ জানতে চেয়ে তাঁকে মারধর করে। এতে তাঁর বুকে লাথি মারা হয় এবং হাত কেটে যায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বকুলের অনুসারী বা ক্যাডার বাহিনীর লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সাজুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এবং প্রভাবশালী ও সরকারদলীয় মহলকে ম্যানেজ করে বকুল ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে; যদিও একাধিক জায়গায় অভিযোগ করেও শিক্ষা বিভাগের দৃশ্যমান কোনো তদন্ত বা পদক্ষেপ পাওয়া যায়নি বলে দাবি করা হচ্ছে।
অন্যদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবির বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, ভাউচারের টাকা অনুমোদনের এখতিয়ার তাঁর নয়, বরং বিদ্যালয়ের সভাপতির। তাঁর দাবি, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাজু পীরগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে প্রেস ক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন বাবুলের কাছে তাঁকে মারধরের হুমকি দিয়েছিলেন। রোববার সকাল ১০টা ৩৬ মিনিটে সাজু তাঁর অফিসকক্ষে এসে গলা চেপে ধরেন ও গালে থাপ্পড় মারেন।
চায়ের দোকানের মালিক তরিকুল ইসলাম বলেন, পাঁচ-ছয়জন শিক্ষক তাঁর দোকানে চা পান করতে এসেছিলেন। চা বানানোর সময় হঠাৎ ১২-১৫ জন যুবক এসে সাজু স্যারকে মারধর শুরু করে এবং লাথি মেরে বাইরে নেওয়ার চেষ্টা চালায়। এতে তাঁর দোকানের প্রায় ১১টি গ্লাস ভেঙে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদশা, রাজু, সোহেল ও নেসার উদ্দিন জানান, শিক্ষকদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ চলছিল। তবে বিদ্যালয়ের ভেতরে হাতাহাতি এবং পরে প্রকাশ্যে চায়ের দোকানে একজন শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শিরিন বানু মুঠোফোনে বলেন, সাজু দায়িত্বে থাকাকালে কিছু টাকা পাওনা রয়েছে বলে তাঁকে জানিয়েছিলেন এবং তিনি নিয়ম অনুযায়ী বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা বুঝে নিতে বলেছিলেন। আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় আছেন; সুস্থ হয়ে ফিরে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে তদন্ত করে সমাধানের চেষ্টা করবেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।