চট্টগ্রামে কিশোর অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানে এক সপ্তাহে ১ হাজার ৭০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বয়স ও অপরাধের ধরন বিবেচনায় ৯৭৭ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ সুপার জানান, গত ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় কিশোর অপরাধ দমনে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৯৭৭ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও তাদের নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। ভবিষ্যতে তারা আবার অপরাধে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অবশিষ্ট ৯৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসপি মো. মাসুদ আলম বলেন, কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিশোর অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।