পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব বরাদ্দপত্র তুলে দেন তিনি। উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।
এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানান।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।