শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকার ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন কোস্টগার্ড সদস্যরা। সারা দেশে দুর্গাপূজার নিরাপত্তায় কোস্টগার্ডের ৩ হাজার ৫০০ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
মঙ্গলবার বিকেলে মোংলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।