রাজধানীর পল্লবীতে ফের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে বাসের কর্মচারী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর ১২ সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ট্রাস্ট পরিবহণের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুফতা ফুড কার্ডের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের দিকের একটি সিটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআই আরও জানান, বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪। বাসটির চালক মো. সাদ্দাম। অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে মঙ্গলবার রাতেও পল্লবী সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ।