শিরোনাম

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে পরপর ককটেল বিস্ফোরণ, আহত ২

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে পরপর ককটেল বিস্ফোরণ, আহত ২

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে অনুষদ ভবনের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবার শেষে একটি গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, ভবনের ওপরের দিক থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ঘটনার সঙ্গে অন্য ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, কিংবা এর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর