শিরোনাম

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত আরেকজন

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত আরেকজন

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাশেদ আমিন নামে আরেক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী পশ্চিম সাতলা এলাকার একটি সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে আসা একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়।

প্রাণ বাঁচাতে কাওসার ও রাশেদ সেতুর নিচের পানিতে ঝাঁপ দিয়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রাশেদ আমিন গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে হত্যার ঘটনায় সন্দেহের তির নিজ দলের কয়েকজন নেতা-কর্মীর দিকে—এমন আলোচনা স্থানীয়ভাবে থাকলেও এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিহত কাওসার হাওলাদার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর