মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামপাল অংশে নদীভাঙন রোধে পাইলিং বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকার নদীভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামজাইপুর গ্রামের অনেকাংশ ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। দ্রুত এ ভাঙন প্রতিরোধ করা প্রয়োজন। চলমান ড্রেজিংয়ের প্রভাবের পাশাপাশি আন্তর্জাতিক নৌরুটে নিয়মিত জাহাজ চলাচল, নৌযানের ঢেউ এবং জোয়ার-ভাটার আঘাতেও ভাঙন সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, পাইলিং বাঁধ নির্মাণ করা গেলে ভাঙন অনেকাংশে রোধ করা সম্ভব হবে। সাধারণ মানুষের বসবাসের নিরাপত্তার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এ সময় বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল ও উপ-বিভাগীয় প্রকৌশলী মিরাজ মোল্লা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামপাল অংশে ভাঙনের তীব্রতা তুলনামূলক বেশি। তবে মোংলা অংশেও ভাঙন রয়েছে। বর্তমানে চ্যানেলের পাঁচ থেকে ছয়টি পয়েন্টে ভাঙন চলছে। এরই মধ্যে তিনটি পয়েন্টে কাজ শুরু হয়েছে। বড় ভাঙনপ্রবণ এলাকাগুলোতে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।