সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না বলেছেন, নির্বাচনী অঙ্গীকার হিসেবে দেওয়া ফ্যামিলি কার্ড কোনো ভাওতাবাজি ছিল না। একটি রাজনৈতিক মহল বিষয়টিকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ভাতা ও কৃষি ঋণ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিলকিস ইসলাম স্বপ্না বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে প্রয়োজনীয় জনবল নিয়োগের কাজ চলছে। খুব শিগগিরই এ কার্যক্রম দৃশ্যমান হবে। সরকার স্বচ্ছতার ভিত্তিতে সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা এখন নিবন্ধনের মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা পাবেন। কোনো ধরনের অনিয়ম বা অসাধু উপায়ে সুবিধা নেওয়ার সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, অতীতে অনেক অসহায় মানুষ ভাতা পাওয়ার আশায় অসাধু ব্যক্তিদের অর্থ দিতে বাধ্য হয়েছেন। বর্তমান সরকার সেই অনিয়ম দূর করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। তিনি উপস্থিত ভাতা প্রত্যাশীদের উদ্দেশে বলেন, এখন মানুষ অনেক সচেতন। বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান যৌথভাবে মেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা এবং কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম লাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন।
মেলায় তিনজন হতদরিদ্র কৃষকের মধ্যে কৃষিঋণ বিতরণ করা হয়। পাশাপাশি আগতদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সেবাও প্রদান করা হয়।