দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের পুরনো ভবনের জায়গায় নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ২টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে মোস্তফাপুর ইউনিয়নের সাধারণ নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের কাছে এ দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মোস্তফাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমতাজ আলী মণ্ডল, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজাহার আলী নয়ন, বিএনপি নেতা আবু সাঈদ মণ্ডল ও হাফেজ আজিজুর রহমান সুমনসহ অনেকে।
মমতাজ আলী মণ্ডল বলেন, ১৯৬৪ সালে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ভবন স্থাপিত হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে ওই ভবন থেকেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন অন্যত্র নির্মাণ করা হবে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা পুরনো স্থানেই নতুন ভবন নির্মাণের দাবি জানান।
দাবি বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে পুরনো মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। পুরনো স্থানে নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।