শিরোনাম

সাতক্ষীরায় ৫০ দিনে নিউমোনিয়া-ডায়রিয়ায় ভর্তি ১ হাজার ২১৯ শিশু

সাতক্ষীরায় ৫০ দিনে নিউমোনিয়া-ডায়রিয়ায় ভর্তি ১ হাজার ২১৯ শিশু

 শীত ও আবহাওয়ার পরিবর্তনে সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। গত ৫০ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত ১ হাজার ২১৯ শিশু ভর্তি হয়েছে। রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত শয্যা ও চিকিৎসক সংকটে অনেক শিশুকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৭৫০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ২৫০ ও ডায়রিয়ায় ৫০০ শিশু আক্রান্ত।

একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৯০ শিশু। তাদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ১১০ ও ডায়রিয়ায় ৮০ জন। জেলার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ১৬৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ১১৫ ও ডায়রিয়ায় ৪৯ শিশু। হাসপাতালটির পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, এ সময়ে বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শিশুদের সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর হাসপাতালে শয্যা সংকটের চিত্র সবচেয়ে প্রকট। বেতলা গ্রামের রোজিনা খাতুনের ৪০ দিন বয়সী ছেলে আবিদ হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২০ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়। শয্যা না থাকায় শিশুটিকে রাখা হয়েছে বারান্দায়। একই দিন পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুনও শ্বাসকষ্টে আক্রান্ত দেড় মাস বয়সী মেয়ে আইরিয়াকে ভর্তি করেন। শয্যা না পেয়ে তাকেও বারান্দায় রেখে নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান জানান, শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা ১৫টি হলেও প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ শিশু ভর্তি থাকে। শিশু ডায়রিয়া ওয়ার্ডে পাঁচটি শয্যার বিপরীতে প্রতিদিন ২০ থেকে ৩০ রোগী ভর্তি হচ্ছে। সীমিত শয্যা ও জনবল নিয়ে চিকিৎসক-নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার দ্রুত পরিবর্তন ও তাপমাত্রার ওঠানামায় শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত গুরুতর আকার ধারণ করতে পারে। ডায়রিয়ায় দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেওয়া, বুক দেবে যাওয়া কিংবা ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শিশুদের বাড়তি চাপ সামাল দিতে হাসপাতালের শয্যা, চিকিৎসক, নার্স, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানো এবং পর্যাপ্ত চিকিৎসক-নার্স নিয়োগসহ প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা দরকার। আগামী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। পরে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও বর্তমান জনসংখ্যা ও রোগীর চাপের তুলনায় তা পর্যাপ্ত নয়। হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি সভায় প্রস্তাব উত্থাপন করা হলেও সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন অনুমোদন পাওয়া যায়নি। হাসপাতালের সক্ষমতা বাড়াতে আবারও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শিশু বিশেষজ্ঞ ডা. আজিজুর রহমানও শীত মৌসুমে শিশুদের বাড়তি রোগের চাপ সামাল দিতে হাসপাতালের শয্যা ও চিকিৎসক সংকট দ্রুত নিরসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর