নেত্রকোনার মদনে পৌরসভার ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনায় আব্দুল বারেক (৮৬) নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মদন পৌরসভার চকপাড়া মোড়ল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক উপজেলার চানগাঁও গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুল গনি।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, চিকিৎসা শেষে ময়মনসিংহ থেকে বাড়ি ফেরার পথে রিজার্ভ সিএনজিতে ওই এলাকায় পৌঁছান আব্দুল বারেক। এ সময় পৌরসভার ইজারার টাকা আদায়কারী সিএনজিচালকের কাছে নির্ধারিত টাকা দাবি করেন। চালকের কাছে খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দেন। তবে টাকা নেওয়ার পর অবশিষ্ট টাকা ফেরত না দেওয়ায় তিনি তা চাইতে গেলে ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আতিকুল তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন আব্দুল বারেক। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল বারেক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। চিকিৎসা শেষে ময়মনসিংহ থেকে ফেরার পথেই এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করেছে মদন থানা পুলিশ। তাঁর বয়স ২০ বছর। তিনি উপজেলার বাড়ীভাদেরা গ্রামের বাসিন্দা।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।