সাতক্ষীরা প্রতিনিধি: সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান। একই সঙ্গে রাতের অন্ধকারে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবন-সংলগ্ন সাতক্ষীরার নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ (পিএসসি)।
এ সময় বিজিআর কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বিশেষ করে রাতের বেলায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম এলাকা ও অন্ধকারে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা যেকোনো ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে যাতে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।