নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গুরুতর আহত করার পর শামীম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত শামীম শরিয়তপুরের ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে। তিনি চিতাশাল এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শামীম ও তাঁর স্ত্রী মূয়রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা মূয়রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাঁর অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ঘটনার পর শামীম ঘরের ভেতর নিজের জীবন শেষ করেন বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিষয় তদন্তের পর স্পষ্ট হবে।