শিরোনাম

পুলিশি ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীরা

পুলিশি ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীরা

পুলিশের ব্যারিকেড অতিক্রম করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা বাগ্‌বিতণ্ডার পর বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে তারা যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।

এর আগে বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে পুলিশ।

গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির নেতাদের অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশে যাত্রাকালে পুলিশ তাদের সামনে এগোতে নিরুৎসাহিত করে এবং ব্যারিকেড দিয়ে পথরোধ করে। এতে নেতাকর্মীদের গাড়িবহর চা–কন্যা ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। পরে পুলিশের সঙ্গে আলোচনা ও বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তারা ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর