শিরোনাম

নীলফামারীতে সাপের ছোবলে শিশুসহ ২ জনের মৃত্যু

নীলফামারীতে সাপের ছোবলে শিশুসহ ২ জনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় বিষধর সাপের ছোবলে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে রুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট রাতে বড়ভিটা ইউনিয়নের বিজয় রায় সনাতন ধর্মীয় মনসার গানের একটি মঞ্চে অভিনয় করছিলেন। এ সময় জেলেদের কাছ থেকে সংগ্রহ করা একটি সাপ অবিষধর মনে করে দর্শকদের সামনে সাপের খেলা দেখানোর সময় সাপটি তার হাতে ছোবল দেয়। পরে বাড়িতে ফিরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, বাহাগিলী ইউনিয়নের রুনাকে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় ডান হাতে সাপে কামড় দেয়। এ সময় সে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। পরে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর বলেন, সাপের ছোবলে দুজনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর