দুঃসময়ে দলের পাশে থাকা নেতার পরিবারের খোঁজ রাখেনি কেউ, সাবরিনাকে যথাযথ মূল্যায়নের দাবি শিবপুরের নেতাকর্মীদের
নরসিংদী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে যেন ভুলতে বসেছে দলটির অনেকেই। তাঁর রাজনৈতিক অবদান, ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের কথা এখন আর সেভাবে আলোচনায় আসে না। অভিযোগ উঠেছে, প্রয়াত এই নেতার পরিবারের খোঁজখবরও রাখছেন না দলটির দায়িত্বশীল অনেক নেতা।
বিশেষ করে তাঁর মেয়ে সাবরিনা আক্তারকে ঘিরে দলীয় অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। গত জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও তিনি বঞ্চিত হয়েছেন। এরপরও দলের পক্ষ থেকে তাঁর যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে মনে করছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ।
বিএনপি সরকার গঠনের পর দলের অনেক নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ পেয়েছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, কেউ পেয়েছেন দলীয় পদ-পদবি। কিন্তু প্রয়াত অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার পরিবারের ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ বা মূল্যায়ন চোখে পড়েনি বলে অভিযোগ তাঁদের।
দলীয় রাজনীতিতে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার অবদান স্মরণ করে শিবপুরের নেতাকর্মীরা বলেন, দলের সুসময়ে অনেকেই পাশে থাকেন। কিন্তু দুঃসময়ে যাঁরা দলের জন্য ত্যাগ স্বীকার করেন, তাঁদের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয়। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ছিলেন তেমনই একজন নেতা। দলের কঠিন সময়ে তাঁর ভূমিকা ও অবদান বিএনপির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
তাঁরা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া দলের প্রতিকূল সময়ে যে ভূমিকা রেখেছেন, তার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। একজন নেতার জীবদ্দশায় তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়া যেমন জরুরি, মৃত্যুর পর তাঁর পরিবারকে সম্মান ও মর্যাদার সঙ্গে মূল্যায়ন করাও দলের নৈতিক দায়িত্ব।
স্থানীয় নেতাকর্মীদের প্রশ্ন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার পরিবার কি একেবারেই শূন্য হাতে থাকবে? দলের জন্য তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের পরও তাঁর পরিবারের কেউ কি কোনো দায়িত্ব বা সম্মানজনক অবস্থান পাবেন না? তাঁর মেয়ে সাবরিনা আক্তারকে দলের সাংগঠনিক কিংবা অন্য কোনো উপযুক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি কেন বিবেচনা করা হচ্ছে না?
তাঁদের মতে, বিষয়টি কেবল একটি পরিবারের স্বার্থসংশ্লিষ্ট নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দলের রাজনৈতিক সংস্কৃতি, ত্যাগের স্বীকৃতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রশ্ন। একজন নেতার সারাজীবনের ত্যাগ যদি তাঁর মৃত্যুর পর বিস্মৃত হয়ে যায়, তাঁর পরিবার যদি যথাযথ সম্মান ও মূল্যায়ন না পায়, তাহলে ভবিষ্যতে দলের দুঃসময়ে অন্য নেতাকর্মীরা ত্যাগ স্বীকারে কতটা অনুপ্রাণিত হবেন, সেটিও ভাবার বিষয়।
নেতাকর্মীদের মতে, দলের দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের অবদান স্মরণ রাখা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্বও। সাবরিনা আক্তারকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার মাধ্যমে প্রয়াত অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার অবদানের প্রতি সম্মান জানানো সম্ভব।
বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি তাঁদের অনুরোধ, বিষয়টি মানবিক ও রাজনৈতিক—উভয় দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করা হোক। প্রয়াত এই নেতার পরিবারের যথাযথ মূল্যায়ন করা হলে তা শুধু একটি পরিবারের প্রতি সম্মান প্রদর্শন হবে না, বরং দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের প্রতিও ইতিবাচক বার্তা পৌঁছাবে।
রাজনীতিতে সুসময় ও দুঃসময়—দুটোই থাকে। কিন্তু দুঃসময়ে যাঁরা দলের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দেন, সুসময়ে তাঁদের ভুলে যাওয়া উচিত নয়। কারণ, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে কখনো ত্যাগী নেতৃত্ব সৃষ্টি করা যায় না। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার অবদান স্মরণ করে তাঁর মেয়ে সাবরিনা আক্তারকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি বিএনপির হাইকমান্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে—এমন প্রত্যাশা শিবপুরের নেতাকর্মীদের।