মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে নির্বাচিত হওয়ার পর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ, অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন মোঃ আইনুল হক।
নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় মাধবদী বাজারের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইনুল হক বলেন, নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীরা তার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা তার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও।
তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে মাধবদী বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চান। ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যা সমাধান, নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের পরিবেশ উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করার কথাও জানান তিনি।
আইনুল হক বলেন, ব্যবসায়ীদের কথা শুনে তাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে কাজ করবেন। শুধু প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে তা বাস্তবায়নের চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন তাদের পাশাপাশি যারা ভোট দেননি, তাদের প্রতিও তার সমান শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে। মাধবদী বাজারের প্রতিটি ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাজার গড়ে তুলতে চান তিনি।
নিজের জন্য দোয়া কামনা করে আইনুল হক বলেন, মহান আল্লাহ যেন তাকে ব্যবসায়ীদের দেওয়া আস্থা, আমানত ও দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দেন।
তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মাধবীর সকল ব্যবসায়ীর বিজয়।” পাশাপাশি ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “কথা নয়, কাজই হবে আমাদের পরিচয়।”