সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাজী জানান, ইকবাল তার নানার বাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।
স্থানীয় নাহার বেগম নামে এক গৃহবধূ বিষয়টি প্রথম দেখতে পান। তিনি শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজ নেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে সোনাতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।