শিরোনাম

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দিল সরকার

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দিল সরকার

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রায় দেড় মাস আগে বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। তবে হাসপাতালটিকে তিনটি শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। ঘটনার পর তদন্তের ভিত্তিতে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও বিস্তারিত ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে সন্তোষজনক তথ্য পাওয়ায় তিনটি শর্ত সাপেক্ষে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

সরকারের নির্ধারিত শর্তগুলো হলো—

  • দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
  • লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
  • লাইসেন্সের শর্ত লঙ্ঘিত হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

এ সিদ্ধান্তের ফলে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার অনুমতি পেলেও ভবিষ্যতে শর্ত লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে সরকার।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর