বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম্য পুলিশ (চৌকিদার) মো. মোস্তফা শেখের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার শুভদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বসাধারণের পক্ষে জ্ঞানশ্যামপুর গ্রামের বাসিন্দা মো. গোলাম রসুল লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, অভিযুক্ত মোস্তফা শেখ দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন। গত ৯ জুন ২০২৬ রাত ১১টার দিকে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতলেব শেখের অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে বলে দাবি করা হয়।
এছাড়া, এর আগে ১ নম্বর ওয়ার্ডের এক নারীর ধর্ষণ মামলায় তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। একই সঙ্গে শুভদিয়া ইউনিয়নের অপর এক গ্রাম্য পুলিশের বোনের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইউনিয়ন পরিষদ থেকে তাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলেও দাবি করেন অভিযোগকারীরা।
তাদের ভাষ্য অনুযায়ী, অতীতে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় উপজেলা পর্যায়ের সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে ‘লাইসেন্সধারী সরকারি মাস্তান’ পরিচয় দিয়ে এলাকায় জুয়ার আসর পরিচালনা এবং অবৈধভাবে অর্থ আদায় করেন। প্রতিবাদ করলে মিথ্যা মামলার ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন ভাতার কার্ড এবং দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিপি (VGP) কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন তিনি। গ্রাম্য পুলিশের জেলা সভাপতি হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
এলাকাবাসী জানান, এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) ও ফকিরহাট মডেল থানায় যৌথ স্বাক্ষরযুক্ত লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে অভিযুক্ত গ্রাম্য পুলিশ মো. মোস্তফা শেখকে অপসারণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত মো. মোস্তফা শেখের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো তদন্ত বা বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি।