রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগকে কেন্দ্র করে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। সম্মেলনের ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতিতে সম্মেলনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শনিবার (২৮ নভেম্বর) নগরীর আবু সাঈদ স্টেডিয়াম জিমনেশিয়ামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্মেলনের কার্যক্রম চলাকালে মহানগর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। এ সময় তাঁরা আয়োজক কমিটির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তোলেন। এ নিয়ে আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়।
এ সময় কয়েকজন নেতাকর্মী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডুকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। ছিঁড়ে ফেলা হয় সম্মেলনের ব্যানার ও ফেস্টুন। পরিস্থিতির অবনতি হলে সম্মেলনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ঘটনার সময় মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ মহানগর বিএনপির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রশীদ জানান, হট্টগোলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।