বগুড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকু ও পিস্তল প্রদর্শনের ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাং ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপরজনের নাম মিরাজুল।
রোববার বিকেল থেকে জেলার শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বার্মিজ চাকু উদ্ধার এবং নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সুইটের হাতে বার্মিজ চাকু দেখা গেলেও পিস্তলের ছবিটি সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে। অর্থাৎ, ভিডিওতে পিস্তল প্রদর্শনের বিষয়টি বাস্তব নয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে সুইট ও মিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।