শিরোনাম

কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক ও ক্রীড়াবিদকে রাজকীয় সংবর্ধনা

কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক ও ক্রীড়াবিদকে রাজকীয় সংবর্ধনা

"মাননীয় প্রধানমন্ত্রী যেদিন আমার হাতে শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেন, তখন তিনি বলেছিলেন— ‘হেডস্যার, পুরস্কার পেয়ে থেমে থাকবেন না। আরও বেশি কাজ করুন।’ তাঁর সেই অমূল্য বাক্য আমাকে গভীরভাবে অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছে। আমি আমার অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের জন্য এমন কিছু করতে চাই, যা অন্যদেরও উৎসাহিত করবে।"

জাতীয় পর্যায়ে 'প্রাথমিক শিক্ষা পদক ২০২৬'-এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া মোঃ হেদায়েদ হোসেন সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে কথাগুলো বলছিলেন। মঙ্গলবার (২৫ আগস্ট) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর কর্তৃক স্থানীয় শিক্ষক সমিতি ভবনে আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণের সময় তিনি তাঁর জীবনের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রায় আধঘণ্টাব্যাপী হেদায়েদ হোসেন তাঁর শ্রেষ্ঠত্বের চূড়ায় পৌঁছানোর পেছনের সংগ্রামের গল্প শোনান। তিনি উল্লেখ করেন, তাঁর বিদ্যালয়টি ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরা প্রায়ই ছোট-খাটো দুর্ঘটনার শিকার হতো। কোমলমতি শিশুদের সুরক্ষায় তিনি সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ‘স্বেচ্ছাসেবক দল’ গঠন করেন। ছুটির সময়ে বাঁশি বাজিয়ে পথচারী ও চালকদের সতর্ক করার মাধ্যমে তিনি পুরো বিদ্যালয় প্রাঙ্গণকে একটি নিরাপদ অঞ্চলে পরিণত করেন। তাঁর এমন বহু উদ্ভাবনী ও ইতিবাচক উদ্যোগ প্রশংসিত হয়েছে জাতীয় পর্যায়ে।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জনকারী কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ক্রীড়াবিদ রিফাত ইসলামকেও সংবর্ধনা দেওয়া হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না শিশু ক্রীড়াবিদ রিফাতের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। উপস্থিত জাতীয় সংসদ সদস্যবৃন্দ তাঁদের বক্তব্যে জানান, এলাকার আরও অনেক প্রধান শিক্ষক যেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন, সে জন্য তাঁরা সর্বাত্মক সহযোগিতা বজায় রাখবেন।

কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে আরও বক্তব্য রাখেন:উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী, কিশোরগঞ্জ কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. ফ. ম. আব্দুল কাদির, দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, দুড়াকুটি ময়দানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সরঞ্জাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ শরীফ, দক্ষিণ দুড়াকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের প্রাণবন্ত সঞ্চালনায় দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর