শিরোনাম

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নীলফামারী সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের পত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। সম্প্রতি আদালত মামলার রায় কেতাব উদ্দিনের পক্ষে দেন। তবে বিরোধপূর্ণ জমিটি ছোট ভাই আবুল হোসেনের দখলে থাকায় সোমবার সকালে সেখানে যান কেতাব উদ্দিন।

এ সময় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কেতাব উদ্দিন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর