শেরপুরের ঝিনাইগাতীতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠেছে গুরুচরণ দুধনই আদর্শ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শহিদুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের বিক্ষোভের মুখে অভিযুক্ত শিক্ষককে মৌখিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের অশোভন আচরণের অভিযোগ ওঠে। এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল বলে দাবি স্থানীয়দের। সর্বশেষ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ রয়েছে, শুরুতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
এর প্রতিবাদে রোববার দুপুরে এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রধান শিক্ষক আব্দুল মালেক অভিযুক্ত ধর্মীয় শিক্ষক শহিদুল্লাহকে মৌখিকভাবে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।
প্রধান শিক্ষক জানান, পরবর্তী সময়ে ঝিনাইগাতী উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা প্রয়োজন।