শিরোনাম

নীলফামারীর চাড়ালকাটা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারীর চাড়ালকাটা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদী থেকে তালেবুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তালেবুর রহমান বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তালেবুর রহমানের মৃত্যু হতে পারে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার পরনে একটি গামছা ছিল।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর