শিরোনাম

৯ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১৬, পাস করেছে মাত্র একজন

৯ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১৬, পাস করেছে মাত্র একজন

নরসিংদীর রায়পুরা উপজেলার একটি কলেজে ৯ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৬ জন। অথচ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ওই কলেজ থেকে অংশ নেওয়া ৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন। বিস্ময়কর বিষয় হলো, পাস করা শিক্ষার্থীর নামও জানেন না কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এ ঘটনা মোছলেহ উদ্দিন ভূঁইয়া কলেজের। শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজটির এমন ফলাফলের তথ্য জানা যায়।

এর আগের বছরও কলেজটির ফলাফল ছিল হতাশাজনক। সে বছর পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। পরপর দুই বছর ফল বিপর্যয়ের ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, রায়পুরা উপজেলার বেগমাবাদ-তালুককান্দি এলাকায় ২০১৪ সালে বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূঁইয়া নিজের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৬ জন শিক্ষক রয়েছেন। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন। সে হিসাবে পাসের হার ১১ দশমিক ১১ শতাংশ।

স্থানীয়দের অভিযোগ, কলেজটিতে পড়াশোনার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না। অনেকে ক্লাসের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটায়। এতে শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিটন মিয়া বলেন, এ বছর কলেজ থেকে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র একজন পাস করেছে। ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, ভর্তি হওয়ার পর অনেক শিক্ষার্থী বিদেশে চলে যায়। অন্যদের মধ্যেও অনেকে নিয়মিত ক্লাসে আসত না। যারা পরীক্ষায় অংশ নিতে আগ্রহী ছিল, তাদের ফরম পূরণ করিয়ে কোচিংয়ের ব্যবস্থা করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

তিনি আরও বলেন, তাঁদের ধারণা ছিল, নয়জনই পাস করবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, পাস করেছে মাত্র একজন। গত বছর জীববিজ্ঞান বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থী এ বছর আবার পরীক্ষায় অংশ নিয়েও পাস করতে পারেনি। তবে পাস করা শিক্ষার্থীর নাম জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তা বলতে পারেননি।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, কলেজগুলোর ফলাফল শিক্ষা বোর্ড প্রকাশ করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বোর্ড সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে, কলেজটির কার্যক্রম চলবে কি না।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর